ট্রুডোর বাসভবনে অনুপ্রবেশ, সশস্ত্র বাহিনীর সদস্য আটক

 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও গভর্নর জেনারেল জুলি পায়েট্টের সরকারি বাসভবন এলাকায় অনুপ্রবেশের অভিযোগে এক অস্ত্রধারীকে আটক করেছে কানাডার পুলিশ।  স্থানীয় সময় বৃহস্পতিবার  সকাল সাড়ে ছয়টার দিকে বেপরোয়াভাবে একটি ট্রাক চালিয়ে ঐ দুই বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছিল ঐ অভিযুক্ত। তবে ঘটনার সময় ট্রুডো ও পায়েট্টে বাড়িতে ছিলেন না। রয়েল কানাডিয়ান মাউন্টেন পুলিশের (আরসিএমপি) বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে পরিচয় প্রকাশ না করা হলেও সেনাবাহিনী জানিয়েছে, ঐ ব্যক্তি সশস্ত্র বাহিনীর সদস্য।

আরসিএমপির এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার একটি কালো পিকআপ ট্রাক নিয়ে অটোয়ার রিডিয়াও হল এলাকার মূল প্রবেশপথ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ঐ অস্ত্রধারী। লোহার গেটের সঙ্গে ধাক্কা লেগে এক পর্যায়ে গাড়িটি নষ্ট হয়ে গেলেও এরই মধ্যে কয়েক শ মিটার ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় এটি। এরপর সে পায়ে হেঁটে একটি গ্রিন হাউজের দিকে এগিয়ে যেতে থাকলে পুলিশ তাকে আটকে দেয়।