মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
সুন্দরবনের বিষ দস্যুদের দমনে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার সকালে মোংলার বনবিভাগের ফুয়েল জেটি থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বে রয়েছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। সঙ্গে রয়েছেন মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী, ওসি (তদন্ত) তুহিন মণ্ডল প্রমুখ। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, সুন্দরবনকে সেই রকম একটি সুন্দরবনে রূপান্তরিত করব, যেটি অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে। সেটি করতে গেলে শুধু সুন্দরবনে বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে নয়, যারা বনদস্যুতা করে এবং বাঘ-হরিণ শিকার করে তাদের প্রতি আমাদের কঠিন নিষ্ঠুরতা থাকবে।