হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের কালারডুবায় শুক্রবার দুপুরে মিনিবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সহদেব দাশ (৬০)। দুর্ঘটনায় শিশুসহ আরো চার জন আহত হয়। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে জেলা শহর থেকে বানিয়াচংয়ের উদ্দেশে রওনা হয়। সেটি হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবায় পৌঁছলে বিপরীতমুখী একটি মিনিবাস তাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঐ হতাহতের ঘটনা ঘটে।
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, আদমদীঘিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মরিচবোঝাই একটি ট্রাকের ধাক্কায় স্কয়ার ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। নিহতের নাম ফজলুল হক (৩৮)। থানার ওসি জালাল উদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।