মৃত্যুবার্ষিকীতে ভূরিভোজের আয়োজন করায় জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি ও উল্লাপাড়া সংবাদদাতা

উল্লাপাড়ায় শুক্রবার মৃত্যুবার্ষিকীতে ১০টি গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করায় বাড়ির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে স্বাস্থ্যবিধি না মেনে ভূরিভোজের আয়োজন করে। পরে ভ্রাম্যমাণ আদালত ঐ বাড়ির মালিক আব্দুল্লাহ কাফিকে ২০ হাজার টাকা জরিমানা করে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, মৃত্যুবার্ষিকীতে ১০টি গরু জবাই করে ১০ হাজার মানুষের ভূরিভোজের আয়োজন করে। করোনা সময়ে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে অনুষ্ঠান করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।