মুগদা হাসপাতালে অনিয়মের প্রতিবাদে রোগীকে মারধর

সাংবাদিকের ক্যামেরা ভাঙল আনসার

বিশেষ প্রতিনিধি

রাজধানীর মুগদা হাসপাতালে করোনা পরীক্ষায় নমুনা দিতে আসা শাওন নামে এক রোগীকে এক আনসার সদস্য মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । জানা গেছে, নিয়ম লঙ্ঘনের প্রতিবাদ করায় ঐ রোগীকে মারধর করা হয়েছে। আর সেই ঘটনার ছবি তোলার কারণে হামলা করা হয় এক জন ফটোসাংবাদিকের ওপর। ভেঙে ফেলা হয় তার ক্যামেরা। লাঞ্ছিত করা হয় আরেক নারী ফটোসাংবাদিককেও। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ফটোসাংবাদিক দৈনিক দেশ রূপান্তরের রুবেল রশীদ। আর লাঞ্ছিত করা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের ফটোসাংবাদিক জয়িতা রায়কে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ না করলেও পুলিশ থানায় সাধারণ ডায়েরি করেছে।

এ ব্যাপারে রুবেল রশীদের অভিযোগ, মুগদা হাসপাতালে কোভিড-১৯ টেস্টের জন্য ৪০ জনকে টিকিট দেওয়া হয়। কিন্তু ৩৪ জনের পরীক্ষা করেই আনসার সদস্যরা বলেন আজ পরীক্ষা শেষ। তখন ৩৬ নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে থাকা শাওন হোসেন নামের এক যুবকের সঙ্গে আনসার সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনসাররা তাকে মারধর করেন। তিনি আরো জানান, ঐ ঘটনার ছবি তুলতে যান আলোকচিত্রী জয়িতা রায়। এ সময় আনসার সদস্যরা তাকে লাঞ্ছিত করে। এ ব্যাপারে মুগদা থানার ওসি কুমার সাহা বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।