শিশুর গলাকাটা লাশ
বিশেষ প্রতিনিধি
রাজধানীর রায়েরবাজারে তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে ঝর্ণা আক্তার নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল শুক্রবার সকালে মেকাপ রোড এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে। হত্যাকারীর নাম মো. সোহাগ। ঘটনার পর সে পালিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। অপরদিকে আদাবরে গতকাল দুপুরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঝর্ণা আক্তার খুনের ঘটনায় মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ জানান, একমাস আগে ঐ দম্পতির সংসার ভেঙে যায়। তারা মেকাপ রোডে এক বাড়ির নিচতলায় থাকতেন। তালাকের পর ঝর্ণা ঐ বাসায় থাকলেও সাবেক স্বামী সোহাগ অন্যত্র চলে যান। সোহাগ গতকাল সকালে ঝর্ণার বাসায় গেলে কথা কাটাকাটির একপর্যায়ে সে রান্নাঘর থেকে শিল এনে ঝর্ণার মাথায় আঘাত ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই ঝর্ণার মৃত্যু হয়। অভিযুক্ত সোহাগকে গ্রেফতারে চেষ্টা চলছে।
এছাড়া আদাবর এলাকায় পাঁচ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি কাজী শাহিদুজ্জামান। তিনি জানান, আদাবর বাজারের পানির পাম্প সংলগ্ন এক বাড়ি থেকে পাঁচ বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার তাত্ক্ষণিক বিস্তারিত জানা যায়নি। এলাকাবাসী জানিয়েছে, আদাবর বাজার সংলগ্ন বাসায় বাবা-মার সঙ্গে থাকতো পাঁচ বছরের সাদিয়া। গতকাল দুপুর ১২টার দিকে সাদিয়ার বাবা শাজাহান কাজে বেরিয়ে যান। পরে মা রুমে গিয়ে দেখে সাদিয়ার রক্তাক্ত লাশ পড়ে আছে। তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসে।