চীন আবার প্লেগ নিয়ে এলো

করোনা ভাইরাস নিয়ে ফের চীনের বিরুদ্ধে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চীন বিশ্বে আবার একটা প্লেগ নিয়ে এসেছে। হোয়াইট হাউজের গ্র্যান্ড ফোয়েরে ‘স্পিরিট অব আমেরিকা শোকেস’ নামে একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার এভাবেই চীনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন ট্রাম্প। খবর ডয়চেভেলে ও ইকোনোমিক টাইমসের

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যা হওয়ার কথা ছিল না, তাই হয়েছে। চীন ফের একটা প্লেগ নিয়ে এলো পৃথিবীতে। তারাই প্লেগটাকে বিশ্বে ফিরে আসতে        দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা যখন চীনের সঙ্গে একটা বড় বাণিজ্য চুক্তি করলাম তখনই তারা এমন কাজটি করল। সেই চুক্তি স্বাক্ষরের কলমের কালিও শুকায়নি। আর তখনই প্লেগ ফিরিয়ে আনলো বেইজিং। প্লেগেও এক সময় অনেক মানুষের মৃত্যু হয়েছে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

‘লাদাখে আগ্রাসি চীন’

লাদাখে ভারত-চীন সংঘাত নিয়ে ট্রাম্প বলেন, লাদাখ সীমান্তে চীন যে ধরনের আগ্রাসি মনোভাব দেখাচ্ছে—পুরো বিশ্বে সেটাই চীনা কমিউনিস্ট পার্টির আসল চেহারা। বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র। ভারত-চীন সংঘাত প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য খুব পরিষ্কার। লাদাখ সীমান্তে চীন যে আগ্রাসন দেখাচ্ছে, গোটা পৃথিবীতেই চীন সেই আগ্রাসন দেখিয়ে থাকে। যদিও এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি মুখপাত্র।