ব্রিটেনে করোনা মহামারি এখনো শেষ হয়নি। মারা গেছে হাজার হাজার মানুষ। প্রতিদিন আক্রান্তও হচ্ছেন অনেকে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও। সুস্থ হয়ে ফের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে করোনা থেকে রক্ষা পেতে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারি নির্দেশনা দিয়েছেন। আর অতিজরুরি প্রয়োজনে বাধ্য না হলে বিদেশে যেতে মানা করা হয়েছে।
কিন্তু প্রধানমন্ত্রী বরিস জনসনের এই বিদেশ ভ্রমণের সতর্কতাবাণী উপেক্ষা করে নিজেই খবরের শিরোনাম হয়েছেন তার বাবা স্ট্যানলি জনসন। তিনি গ্রিস ভ্রমণে গেছেন। ব্রিটেন থেকে সরাসরি গ্রিসে বিমান চলাচল বন্ধ রয়েছে করোনাপরিস্থিতির কারণে। তাই আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, সম্ভবত তিনি বুলগেরিয়া হয়ে গ্রিসে গেছেন। গ্রিস সরকারও বিষয়টি স্বীকার করেছেন যে বরিসের বাবা সেখানে গেছেন। বিভিন্ন গণমাধ্যমে স্ট্যানলির মাস্ক পরা একটি ছবি প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে এটি কোনো এয়ারপোর্টে হতে পারে। এদিকে, গ্রিসের সরকারি মুখপাত্র স্টেলিওস পেটসাস বলেছেন, করোনা পরিস্থিতির কারণে যুক্তরাজ্য ও সুইডেন থেকে সরাসরি ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে। তাই ওইসব দেশ থেকে সরাসরি আসার সুযোগ নেই। ব্রিটিশ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ব্রিটেনের সরকারি মুখপাত্র গণমাধ্যমের কাছে জনসনের বাবার গ্রিস ভ্রমণ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।