তিন বছর ফ্রান্সের প্রধানমন্ত্রী থাকার পর গতকাল শুক্রবার পদত্যাগ করেন এদোয়ার্দ ফিলিপ। এর কয়েক ঘণ্টা পরই নতুন প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মধ্য-ডানপন্থি মেয়র জ্যঁ ক্যাসটেক্স।
বিবিসির এক খবরে বলা হয়েছে, ফ্রান্সে ম্যাক্রোঁর চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন ফিলিপ। কিন্তু সপ্তাহান্তে স্থানীয় এক নির্বাচনে ক্ষমতাসীনদের ভরাডুবি হয়। এমন পরিস্থিতিতে শুক্রবার প্রকাশিত এক সাক্ষাত্কারে ম্যাক্রোঁ একটি ‘নতুন পথের’ প্রতিশ্রুতি দেন। ধারণা করা হচ্ছিলো মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হবে। কিন্তু গতকাল সকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দেখা করেন ফিলিপ। এসময় ফিলিপ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হন।
প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতির মাধ্যমে ফিলিপের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কাছে তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন এদোয়ার্দ ফিলিপ এবং প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন।
নতুন প্রধানমন্ত্রী ৫৫ বছর বয়সী ক্যাসটেক্সের সম্পর্কে খুব একটা পরিচিত নয় ফ্রান্সের মানুষ। তবে দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সের প্রাদেসের কনজারভেটিভ পার্টির এই মেয়র করোনাভাইরাস মহামারিতে সরকারি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।