বেশির ভাগ মানুষেরই করোনার ভ্যাকসিন লাগবে না

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক তৈরির জন্য উদয়াস্ত গবেষণায় ব্যস্ত বিশ্বের প্রথিতযশা বিজ্ঞানীরা। এরই মধ্যে ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশ করোনার টিকার হিউম্যান ট্রায়াল শুরু করে দিয়েছে। অন্তত ১২টি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল বর্তমানে চলছে। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক সুনেত্রা গুপ্ত মনে করছেন, বেশির ভাগ মানুষেরই করোনা টিকা নেওয়ার প্রয়োজন হবে না। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাদের এই টিকা নেওয়ার প্রয়োজন নেই।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে সুনেত্রা বলেন, অধিকাংশ মানুষের জন্য এই ভাইরাস দুশ্চিন্তার কারণ নয়। এই বাঙালি বিশেষজ্ঞের দাবি, সাধারণ ফ্লু বা জ্বরের ক্ষেত্রে যতটা ঝুঁকি থাকে করোনার ক্ষেত্রে একজন সম্পূর্ণ সুস্থ প্রাপ্ত বয়স্ক মানুষেরও ঠিক ততটাই ঝুঁকি রয়েছে। যারা বয়স্ক বা যাদের আগে থেকেই কোনো বড় রকমের স্বাস্থ্য সমস্যা রয়েছে, কেবল তাদের ক্ষেত্রেই করোনায় বিশেষ ঝুঁকি রয়েছে। অক্সফোর্ড গবেষক জানান, যাদের শরীরের  প্রতিরোধ ক্ষমতা দুর্বল, কেবল তাদের ক্ষেত্রেই প্রতিষেধক করোনায় স্বাস্থ্যহানির ঝুঁকি কমানোর পক্ষে সহায়ক হতে পারে। তবে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এই ভাইরাস নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। করোনা খুব সহজেই মোকাবিলা সম্ভব বলেও মনে করেন সুনেত্রা। বলেন, ইনফ্লুয়েঞ্জার চেয়েও এ ক্ষেত্রে মৃত্যুর হার কম। তাই প্রতিষেধক এসে গেলে খুব সহজেই করোনার মোকাবিলা করা সম্ভব হবে। তার মতে, লকডাউন জারি করে করোনা সংক্রমণ অনেকটাই ঠেকানো সম্ভব হয়েছে। তবে লকডাউন কখনই করোনা সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না।