এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড খুঁজে পাচ্ছে না চার শিক্ষার্থী

রাজধানীর কলাবাগানের একটি বাড়ি ও আরেকটি হোস্টেল থেকে শিক্ষার্থীদের ল্যাপটপ, সার্টিফিকেট, ট্রাংক ও অন্যান্য জিনিসপত্র ফেলে দেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রুবি ভবন থেকে জিনিসপত্র ফেলে দেওয়ার ঘটনায় চার জন শিক্ষার্থী তাদের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড খুঁজে পাচ্ছে না। ঐ চার শিক্ষার্থী এখন দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় গ্রেফতারকৃত খোরশেদ আলম পূর্ব রাজাবাজারের আলিফ হোস্টেলের কেয়ারটেকার। আলিফ হোস্টেলের মালিক সৈকত ও রুবি ভবনের মালিক মুজিবুল হক কাঞ্চনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

গত বুধবার গভীর রাতে কলাবাগানের সেন্ট্রাল রোডের ওয়েস্ট অ্যান্ড স্ট্রিটের ৪/এ নম্বর বাড়ির (রুবি ভবন-কামরুন নাহার) নীচতলার ফ্ল্যাট থেকে আট শিক্ষার্থীর সকল জিনিসপত্র গ্রীন রোডে সিটি করপোরেশনের ডাস্টবিনে ফেলে দেন বাড়ির মালিক মুজিবুল হক কাঞ্চন। শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ, তারা তিন মাস ধরে ভাড়া দেয়নি। একই দিন রাতে পূর্ব রাজাবাজারের আলিফ হোস্টেলের ৪০/৪৫ জন শিক্ষার্থীর সকল জিনিস বের করে হোস্টেল ভবনের গ্যারেজে রেখে দেওয়া হয়। শিক্ষার্থীদের পোশাক, ফাইলপত্র, বই, ছোট ব্যাগ একটি পিকআপ ভ্যানে করে তুলে পান্থপথে সিটি করপোরেশনের ডাস্টবিনে ফেলে নিক্ষেপ করা হয়।             বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা ডাস্টবিন থেকে তাদের কিছু জিনিসপত্র উদ্ধার করে। রুবি ভবনের ঘটনায় সজীব ও আলিফ হোস্টেলের সোহান পৃথকভাবে বাদী হয়ে কলাবাগান থানায় দুইটি মামলা করেন।

গতকাল ওয়েস্ট অ্যান্ড স্ট্রিটের রুবি ভবনের কেয়ারটেকার মোসলেম উদ্দিন বলেন, সাততলা বাড়ির নীচতলার ফ্ল্যাটে ঐ শিক্ষার্থীরা দুই বছর ধরে ভাড়া থাকত। করোনার সময় তারা বাসায় থেকে চলে যায়। পরবর্তীতে এপ্রিল, মে ও জুন মাসের ভাড়া দেয়নি। এ অবস্থায় বাড়ির মালিক জুন মাসে টু-লেট টানিয়ে দেন। জুলাই মাস থেকে নতুন করে ভাড়া হয়ে যায়। ৩০ জুনের আগে পর্যন্ত বাড়ির মালিক ফোন করে তাদেরকে তাদের জিনিসপত্র নিয়ে যেতে বলেন। এভাবে জুন মাস শেষ হওয়ার পর ১ জুলাই থেকে নতুন ভাড়াটিয়া উঠবে। পরে বাড়ির মালিক বাধ্য হয়ে ১ জুলাই বুধবার রাতে ফ্ল্যাটের সকল জিনিসপত্র ফেলে দিয়ে নতুন ভাড়াটিয়া তোলেন।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ঐ শিক্ষার্থীরা গ্যাস-বিদ্যুত্ ও পানিরবিল বাবদ ১৫ হাজার টাকা পরিশোধ করে। এরপরও বাড়ির মালিক তাদেরকে ভাড়া পরিশোধ না করার অজুহাতে তাদের জিনিসপত্র ফেলে দেয়। শিক্ষার্থীদের মধ্যে চার জন ঢাকা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে তাদের রেজিস্ট্রেশন কার্ডও ছিল। রেজিস্ট্রেশন কার্ড তারা খুঁজে পাচ্ছে না। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে ঢাকা কলেজের অধ্যক্ষের কাছে অনুরোধ করা হয়েছে যেন তারা রেজিস্ট্রেশন কার্ড ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারে—সে ব্যবস্থা করতে। এছাড়া অনেক শিক্ষার্থী তাদের এসএসসি, এইচএসসি ও অন্যান্য পরীক্ষার সনদপত্র এবং মার্কশিট খুঁজে পাচ্ছে না। কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, দুই ঘটনায় বাড়ির মালিককে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।