পাকুন্দিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঐ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোহন (২২) ও শিবলু মিয়ার ছেলে জীবন মিয়া (২৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত মোহনের বাবা ইসমাইল হোসেন। তিনি বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। জানা যায়, শুক্রবার বাড়ির পাশে একটি সুপারি গাছ কাটতে যায় ইসমাইল হোসেন ও তার ছেলে মোহন। কাটা গাছ বিদ্যুতের তারে পড়লে তারা ছুটাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন। এসময় তাদেরকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন জীবন মিয়াও। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মোহন ও জীবনকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।