গাজীপুরে পিস্তল ও গুলিসহ যুবক আটক

গাজীপুরে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে মহানগরীর বাসন থানাধীন হক মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম লোকমান হোসেন (৩৬)। তিনি হক মার্কেট এলাকার রোস্তম আলী হাজির ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) এ কে এম আহসান হাবীব জানান, লোকমান হক মার্কেট এলাকায় বিয়ে করেন। তিনি ঐ এলাকায় একটি বাড়ি নির্মাণ করছেন। বাড়ি নির্মাণের জন্য তিনি শ্বশুর বাড়িতে টাকা দাবি করেন। শ্বশুর বাড়ির লোকজন তাকে টাকা দিতে অস্বীকার করে। এক পর্যায়ে শুক্রবার দুপুরে অস্ত্র নিয়ে শ্বশুর বাড়িতে যান এবং শাশুড়ি জরিনা বেগমকে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখান। শ্বশুর বাড়িতে লোকমান এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলি খোসা উদ্ধার করেছে।