লালবাগে আগুনে পুড়ল প্লাস্টিক কারখানা, গুদাম

রাজধানীর লালবাগে আগুন লেগে বেশ কয়েকটি প্লাস্টিকের ছোট কারখানা ও গুদাম পুড়ে গেছে। কয়েকটি বসতঘরও পুড়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে লালবাগের পশ্চিম ইসলামবাগের বাগানবাড়ি এলাকার ওই আগুন নেভাতে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিনির্বাপক সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন বলেন, তাদের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এলাকার বাসিন্দারা জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন যখন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে ১৬টি ছোট কারখানা এবং ২০টির মতো গুদাম পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন কিভাবে লেগেছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে তদন্ত শুরু করেছেন ফায়ার কর্মীরা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ছালেহউদ্দীন বলেন, ‘কিভাবে আগুন লেগেছে তা তদন্ত না করে বলা যাবে না। কেউ বলছেন মেশিন থেকে, কেউ বলছেন রান্নার সময় চুলা থেকে ওই আগুন লেগেছে। ফলে বিষয়টি পরিষ্কার না।’ যেখানে আগুন লেগেছে, ঘিঞ্জি ওই জায়গায় একটির সঙ্গে আরেকটি লাগোয়া বাড়িগুলোতে অনেক ছোট ছোট কারখানা রয়েছে। অধিকাংশ বাড়ির নিচে কারখানা, গুদাম আর ওপরে টিনশেড ঘরে লোকজনের বসবাস। আগুনে সেখানকার ১২ থেকে ১৪টি ঘরও পুড়েছে বলেও জানিয়েছেন নজরুল ইসলাম নামের এলাকার এক বাসিন্দা। ঘনবসতি হওয়ায় ফায়ার সার্ভিসকর্মীদেরও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তা ছালেহউদ্দীন বলেন, এলাকাটি অনেক ঘিঞ্জি। অনেক দূরে গাড়ি রেখে পাইপ দিয়ে পানি এনে নেভানোর চেষ্টা করা হয়েছে।