পিরোজপুরের কলাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিল আহমেদ আশীষকে (৪০) সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী এলাকায় এ ঘটনা ঘটে। আশীষ কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকছেদ আলী হাওলাদারের ছেলে। তিনি কৈবর্তখালী গ্রামের ছাত্রদল কর্মী সাজিদুল ইসলাম জয় হত্যা মামলার আসামি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর জজ আদালতে একটি হত্যা মামলায় আসামি হিসেবে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আশীষের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা তাকে পিটিয়ে ও দুই পা কুপিয়ে আহত করে।
স্থানীয়রা তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে প্রাথমিক চিকিত্সার পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার এসআই ফারুক হোসেন জানান, আদালতে একটি মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আশীষের ওপর হামলা চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশের তদন্ত টিম রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।