কুমিল্লায় শিশুসহ ৪৮ রোহিঙ্গা আটক

কুমিল্লায় নারী, পুরুষ ও শিশুসহ ৪৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মোড় থেকে ৩১ জন এবং জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া এলাকা থেকে ১৭ জন রোহিঙ্গাকে পুলিশ আটক করে। সন্ধ্যায় তাদেরকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মোড় এলাকা থেকে ৩১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ, বৃদ্ধাসহ ৭ জন নারী ও ১৭ জন শিশু রয়েছে। তারা সবাই মিয়ানমারের নাগরিক। আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, তারা ৩ বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের জম্মু-কাশ্মির এলাকায় আশ্রয় নিয়েছিলেন। বাংলাদেশের কক্সবাজারে তাদের বেশ কয়েকজন আত্মীয় বসবাস করছেন। পরবর্তীতে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে তারা দালালের মাধ্যমে ভারত থেকে সীমানা অতিক্রম করে কুমিল্লায় আসেন। আটক রোহিঙ্গাদের নিকট মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয়পত্র (ইউএনএইচসিআর) রয়েছে বলেও তিনি জানিয়েছেন।