ভারতের জালে আবারও গোল চান সাদ উদ্দিন

  সোহেল সারোয়ার চঞ্চল

মিডফিল্ডার সাদ উদ্দিন ভারতের বিরুদ্ধে আবারও গোল করে দলকে এগিয়ে দিতে চান। এএফসি সম্প্রতি কাতার বিশ্বকাপ বাছাইয়ের খেলাগুলোর যে দিনক্ষণ ঘোষণা করেছে তাতে বাংলাদেশ ১২ নভেম্বর নিজেদের মাঠে ফিরতি খেলায় ভারতের মুখোমুখি হবে।

বাংলাদেশ এর আগে ৮ অক্টোবর হোম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। এরপর ১৩ অক্টোবর দোহায় কাতারের বিপক্ষে খেলবে। এছাড়া ১৭ নভেম্বর ওমানের  বিপক্ষে খেলবে নিজেদের মাঠে। 

বাছাই পর্বে ‘ই’ গ্রুপে এরই মধ্যে হয়ে যাওয়া বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে। গত ১৫ নভেম্বর কলকাতার সল্টলেকে দর্শকপূর্ণ স্টেডিয়াম দেখেছে দুই দেশের ফুটবল যুদ্ধ। ১-১ গোলে ড্র করে প্রায় নিশ্চিত হারতে যাওয়া সেই ম্যাচটি এখনো ফুটবলারদের শরীরে হিল্লোল তোলে। গা গরম করে দেয়।

সাদ উদ্দিনের গোলে ৪২ মিনিটে এগিয়ে যাওয়া সেই ম্যাচে ৮৮ মিনিটে গোল হজম করেছিল বাংলাদেশ। সেই কষ্টের স্মৃতিগুলো বাংলার ফুটবলারদের পোড়ায় এখনো। বিশেষ করে ম্যাচের গোলদাতা সাদ উদ্দিনের মনের আঙিনায় এখনো ঝড় উঠে। হাত ফসকে যাওয়া ম্যাচটা না জিততে পারার বেদনায় এখনো নীল হন সাদ।

আগামী ১২ নভেম্বর ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। সাদ চাইছেন সেদিন আর ভুল করা যাবে না। সাদের স্মৃতির মণিকোঠায় ভারতের বিপক্ষে করা গোলটি ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। ভারতের মাটিতে লাখো দর্শকের সামনে স্বাগতিকদের জালে বল পাঠানোর মধ্যে অনেক জৌলুস রয়েছে।

ভারতীয় ফুটবল দর্শক চেয়েছিল বাংলার ফুটবলারদের তুড়ি মেরে উড়িয়ে দেবেন সুনীল ছেত্রীরা। খেলার আগে স্টেডিয়াম আঙিনায় এসব বক্তব্য শুনেছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম। মাঠে উলটো চিত্র দেখে সুনীলদের বকতে বকতে বাড়ি ফিরেছিলেন দর্শক। মুখে ছিল আদিলের প্রশংসা। ৮৮ মিনিটে গোল করেছেন তিনি। তারও আগে নিশ্চিত গোল ফিরিয়েছেন লাইন হতে।

না হলে সেদিন বাংলাদেশের অন্যরকম একটা দিন হতে পারতো মনে করছেন সাদ উদ্দিন। গতকাল বললেন,‘আমরা যদি আগের সেই ম্যাচের পারফরম্যান্সটা ধরে রাখতে পারি তাহলে ভারতের বিপক্ষে আমরা জয়ের সম্ভাবনা দেখি।’  

সাদ বলেন,‘সল্টলেকের মাঠে আমরা এবং ভারত সেরা স্কোয়াড নিয়ে মাঠে নেমে ছিলাম। দুর্দান্ত খেলেছে দুই দল। আমরা আশাকরি এবারও উত্তাপ ছড়াবে। আর যদি নিজেদের ফর্মটা ধরে রাখতে পারি তাহলে তো কথাই নেই। কারণ নিজেদের মাঠে বাড়তি সুবিধা তো অবশ্যই পাবো।’

নিজেরে গোল নিয়ে সাদ বেশ উচ্ছসিত,‘সেবার গোল করেছিলাম। এবারও গোল করে এগিয়ে দিতে চাই। আর ভারতের বিপক্ষে খেলাটা বাড়তি উত্তেজনা বহন করে। আমরা শতভাগ প্রস্তুতি নিয়েই মাঠে নামব। তিন পয়েন্টের জন্যই আমরা মাঠে নামব।’