নড়বড়ে সভাপতি বার্তোমিউ
স্পোর্টস ডেস্ক
শেষ এক মৌসুম ধরেই বার্সেলোনা যেন অশান্তির আঁতুড়ঘর! এ সময়ে লিওনেল মেসিদের নিষ্প্রভ ফর্মের সঙ্গে সঙ্গে মাঠের বাইরের ঘটনায় নানান সময় শিরোনামে এসেছে ক্লাবটি। তার ওপর বাস্কেটবল, ফুটসাল দলেও একই পরিস্থিতি চলছে কাতালান ক্লাবটিতে। একাধিক শাখায় অশান্তি বিরাজ করার ফলে সভাপতি হোসে মারিয়া বার্তোমিউর পদ নড়বড়ে হয়ে উঠেছে। সম্ভাবনা আছে ২০২১ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের!
বোর্ডের কর্তাব্যক্তিদের আচরণের পরিপ্রেক্ষিতে অধিনায়ক মেসি চুক্তি নবায়নে আগ্রহ হারিয়ে ফেলেছেন। মাঝ মৌসুমে কোচ বদলেও খেলায় উন্নতি রয়ে গেছে অধরা, উলটো কোচ কিকে সেতিয়েন আর খেলোয়াড়দের মধ্যে দূরত্ব পরিস্থিতি গিয়েছে আরো বিগড়ে। এর আগে পরে খেলোয়াড়দের সঙ্গে কোচ কিংবা বোর্ড কর্মকর্তাদের বিবাদ প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে।
তবে বার্সেলোনায় এ ঝড় কেবল ফুটবলেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বাস্কেটবল অঙ্গনেও। চলতি মৌসুমে দল গঠনে ৩ কোটি ইউরো খরচ করার পরেও ঘরোয়া লিগে কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারেননি কোচ সভেতিস্লাভ পেসিচ, উলটো হারিয়ে ফেলেছিলেন ড্রেসিংরুমের নিয়ন্ত্রণও। ফলে মাঝ মৌসুমে চাকরি যায় পেসিচের, নতুন কোচ হন সারুনাস জাসিকেভিসিয়াস। তাতেও খুব একটা কাজ হচ্ছে না, ফলাফল কিংবা খেলায় উন্নতি আসেনি একটুও; ফুটবল দলের মতোই!
বার্সার দুর্গতি এখানেই শেষ নয়। ফুটসালেও মূল দল মুখ থুবড়ে পড়েছে চলতি মৌসুমে। গেল মাসে ফুটসাল লিগ থেকে বিদায় নেয় দলটি। চলতি মৌসুমটাকে সম্পূর্ণ বিফলতা থেকে রক্ষার দায়িত্ব তাই নির্ভর করছে মেসিদের ওপর। তবে লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগের একটাতেও জিততে না পারলে পুরোপুরি ব্যর্থ এক মৌসুমের চড়া মাশুলই দিতে হতে পারে সভাপতি বার্তোমিউকে।
ক্লাবের এমন পরিস্থিতিতে বার্সেলোনার সোশিওদের একটা বড় অংশ দুশ্চিন্তায় বলে গুঞ্জন স্প্যানিশ সংবাদ মাধ্যমে। একই চিত্র ক্লাবের সমর্থকদের মধ্যেও। ২০১৭ সালে বার্তোমিউর বিরুদ্ধে সোশিও অগাস্তি বেনেদিতোর ভোট অফ নো কনফিডেন্স কর্মসূচি মুখ থুবড়ে পড়লেও এবার এমন কিছুর সম্ভাবনা খুব জোরেশোরেই ঘুরপাক খাচ্ছে কাতালান এই ক্লাবে।
এদিকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীরা গতকাল মেসির সঙ্গে আলোচনায় বসার কথা। বার্সা তারকার চুক্তি নবায়নে অনীহাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনাই মূল আলোচ্য বিষয় হওয়ার কথা, গুঞ্জন স্প্যানিশ সংবাদ মাধ্যমে। সব পরিস্থিতি তাই ইঙ্গিত করছে সভাপতি বার্তোমিউর পদত্যাগের দিকেই।