উদ্দীপ্ত রিয়ালের সামনে বিলবাও বাধা

স্পোর্টস ডেস্ক

করোনাসৃষ্ট বিরতির পর দারুণ ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ শেষ ছয় ম্যাচের সবকটি জিতে এখন লা লিগার শীর্ষে। দলটি আজ খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে।

ইতিহাস যদিও রিয়ালের বিপক্ষে। কারণ, এই মাঠে শেষ পাঁচ লিগ ম্যাচের দুটিতে ড্র ও একটিতে হেরেছে তারা। তাই ধারণা করা হচ্ছে, বাকি ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে কোচ জিনেদিন জিদানের দল।

জিদানের কাছে সেটা জয় করার রসদও আছে বৈকি! শেষ দুটিতে ন্যূনতম ব্যবধানে জিতে রিয়াল  কোচ জানিয়েছিলেন, ‘দলীয় উদ্দীপনাই জয় এনে দিচ্ছে রিয়ালকে। আমাদেরকে দারুণ সমস্যায় ফেলছিল এমন দলের বিপক্ষে জিততে হলে অবিশ্বাস্য কাজই করতে হতো। দলীয় উদ্দীপনার কারণে আমরা জয় পেয়েছি।’ রিয়ালের জন্য দুঃসংবাদ হয়ে আসতে পারে রাফায়েল ভারানের চোট। তার ওপর নাচো ফার্নান্দেজও অনুশীলন করেননি গতকাল। হ্যাজার্ড তো আগে থেকেই ছিলেন দলের বাইরে।

তবে এসব বাধাকেও জয় করাই লক্ষ্য রিয়ালের। ডিফেন্ডার দানি কারভাহালের কথা, ‘বিরতির পর ১১  ফাইনাল থেকে ৩৩ পয়েন্টই নিশ্চিত করার নির্দেশনা দিয়েছিলেন কোচ। সে পথেই আছি আমরা।’