অবসরের আগে সুনিল গাভাস্কার ১২৫ টেস্টে ৩৪ সেঞ্চুরিতে করেছিলেন ১০১২২ রান। কিন্তু সেই গাভাস্কারই কি না তার সাবেক সতীর্থ কিরণ মোরে’র চোখে নেটে সবচেয়ে বাজে খেলোয়াড় ছিলেন! গাভাস্কারের সঙ্গে চার বছর ড্রেসিংরুম ভাগাভাগি করা ৫৬ বছর বয়সি ভারতের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, ‘নেটে আমার দেখা সবচেয়ে বাজে ব্যাটসম্যানদের একজন ছিল গাভাস্কার। নেটে অনুশীলন পছন্দ করতেন না তিনি। যখন আপনি তাকে টেস্ট ম্যাচ খেলার জন্য নেটে অনুশীলন করতে দেখতেন এবং পরের দিন ব্যাট করতে মাঠে নামতেন তার মধ্যে তার ব্যাটিংয়ের পার্থক্য থাকত ৯৯.৯ শতাংশ। যখন আপনি নেটে তার ব্যাটিং দেখতেন তখন মনে হতো, এ কীভাবে রান করবে? কিন্তু পরের দিন যখন তিনি ব্যাট হাতে সকালে মাঠে নামতেন তখন কেবল ‘ওয়াও’ ছাড়া আর কোনো কিছু বলার থাকত না।