gইত্তেফাক রিপোর্ট
করোনা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ইসলামী ব্যাংকগুলো জাকাত, ওয়াক্ফ, কর্জে হাসানা ও সুকুকের (ইসলামিক বন্ড) মাধ্যমে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে পারে। তারা দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টির যে কাজ করে করোনা পরবর্তীতে সেটাকে আরো গুরুত্ব সহকারে করতে হবে। এজন্য করোনা পরবর্তীতে ডিজিটাল ব্যাংকিংয়ের পাশাপাশি কৃষি, স্বাস্থ্য, এসএমই ইত্যাদিকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। গতকাল সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক ওয়েবইনার সেমিনারে বক্তারা এসব কথা বলেন। কোভিড-১৯ পরবর্তীকালে ইসলামী ব্যাংকগুলোর জন্য চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে আয়োজিত সেমিনারে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ও শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এম আযীযুল হক সভাপতিত্ব করেন। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর ফ্যাকাল্টি মেম্বার ড. এম মহব্বত হোসেন। প্রধান অতিথি ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।