শায়েস্তাগঞ্জের অলিপুর থেকে নতুন ব্রিজ পর্যন্ত কার্পেটিং উঠে বেহাল!

ঢাকা-সিলেট মহাসড়ক

মো. আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শিল্পাঞ্চল অলিপুর থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পর্যন্ত সড়ক বেহাল। ফলে যানবাহনে চলাচলে চরম দুর্ভোগ হচ্ছে।  দেখা গেছে, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন অলিপুর থেকে শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ সড়ক দিয়ে যাতায়াতকারী ট্রাকচালক মকবুল মিয়া জানান, মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান অলিপুর রেলগেটের অবস্থা খুব করুণ। সড়ক দুর্ঘটনায় মহাসড়কের রেলগেটের পাশে ডিভাইডারটিও ভেঙে গেছে। বর্তমানে গর্তগুলো বড় হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই পানি জমে যায়। তাছাড়া এসব গর্ত অতিক্রম করে প্রতিদিন গাড়ি চলাচল করার কারণে গাড়ির ইঞ্জিনেরও বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে যাচ্ছে। পাশাপাশি যাত্রাপথে নির্ধারিত সময়ের চেয়ে সময় বেশি লাগছে। অন্যদিকে দূরপাল্লার বাসচালক শহীদুল্ল্লা জানান, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে আসলেই ভেতরে অজানা আতঙ্ক বিরাজ করে। এসব খানাখন্দে পড়ে গাড়ির চাকা ফেটে যায়। চালকরা আরো বলেন, সড়কগুলো জরুরিভিত্তিতে সংস্কার প্রয়োজন। তা না হলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের শায়েস্তাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী জ্যোতিষ গোস্বামী বলেন, আমাদের এ বিষয়ে নজর আছে, আগামী সপ্তাহের মধ্যেই আশাকরি সংস্কার কাজ শুরু হয়ে যাবে।