রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরে বিভিন্ন বাগানে উত্পাদিত ড্রাগন ফল দেশের বিভিন্ন অঞ্চলে চালান হচ্ছে। মুখরোচক ও রসাল ড্রাগন ফল চাষে ঝুঁকছেন উপজেলার কৃষকরা। একটি ড্রাগন ফলের গাছ ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত বেঁচে থাকে এবং বছরে ছয় মাস ফল দেয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৪.৫ হেক্টর জমিতে ড্রাগন ফলের বাগান তৈরি করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম জানান, ২০১২ সাল থেকে উপজেলাতে ড্রাগন ফল চাষের নিরব বিপ্লব শুরু হয়। এখন ড্রাগন উপজেলার কৃষকদের কাছে একটি লাভজনক ফলের নাম। প্রতিদিনই কৃষকরা কৃষি অফিসে এসে ড্রাগন ফল সম্পর্কে জেনে যাচ্ছেন। এই বাগান তৈরিতে চারা সরবরাহ থেকে শুরু করে সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে।