রাজশাহীতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই!

স্টাফ রিপোর্টার, রাজশাহী

চার জন চিকিত্সক ও সাত জন পুলিশসহ রাজশাহীতে নতুন আরো ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৫ জনই শহরের বাসিন্দা। শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ও হাসপাতালে বহির্বিভাগের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এদিন দুই ল্যাবে ২৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এবং রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান। নতুন শনাক্তদের ৭৫ জনই রাজশাহী শহরের বাসিন্দা। এছাড়া দুর্গাপুরে এক, চারঘাটে এক ও মোহনপুরে একজন। এ নিয়ে রাজশাহীতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ৯৮৮ জন। এর মধ্যে রাজশাহী শহরের ৭২৫ জন। এছাড়া বাঘা উপজেলায় ২০, চারঘাটে ২৯, পুঠিয়ায় ১৪, দুর্গাপুরে ১৩, বাগমারায় ৩১, মোহনপুরে ৪২, তানোরে ৩৭, পবায় ৬৭ এবং গোদাগাড়ীতে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার রামেক হাসপাতালের বহির্বিভাগের করোনা ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৮ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে ৩৬ জন রাজশাহী শহরের বাসিন্দা। বাকি দুই জন দুর্গাপুর ও চারঘাটের। এই দুই জন রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। ডা. সাবেরা গুলনাহার জানান, রামেক ল্যাবে এক শিফটে ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তরা সবাই রাজশাহীর বাসিন্দা। এদের মধ্যে ৩৯ জন রাজশাহী শহরের ও মোহনপুরের একজন।