মোংলায় নৌকা থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

মোংলার পশুর নদীর চিলা এলাকা থেকে হরিণের মাংস, মাথা ও পা উদ্ধার এবং শিকার কাজে ব্যবহূত সরঞ্জামাদি ও নৌকা জব্দ করেছে বনবিভাগ। শনিবার সকালে সুন্দরবন সংলগ্ন চিলা বাজার লাগোয়া পশুর নদীতে একটি নৌকা দেখতে পেয়ে সেটিকে চ্যালেঞ্জ করে বনপ্রহরীরা। এ সময় নৌকা ফেলে হরিণ শিকারি ও পাচারকারীরা পালিয়ে যায়। তবে নৌকায় তল্লাশি চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, একটি মাথা ও চারটি পা উদ্ধার এবং নৌকায় থাকা দুইটি ধারাল অস্ত্র ও ফাঁদ জব্দ করে বনবিভাগের সদস্যরা। পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির চিলা মোবাইল টহল ফাঁড়ির সদস্যদের নিয়ে এ যৌথ অভিযান চালান। হরিণ শিকার করে পাচারের সময় পালিয়ে যাওয়া মোংলার চিলা এলাকার মিলন শেখ, শাহ আলম ও উত্তম বিশ্বাসের নামে শনিবার দুপুরে বন আইনে মামলা দায়ের করেছে বনবিভাগ।