ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা

ফরিদপুরে খালের পানিতে ডুবে আ. আলীম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে উপজেলার মৌদ গ্রামের আব্বাস হোসেনের শিশুপুত্র আ. আলীম তার বন্ধুদের সঙ্গে খালের পাড়ে খেলতে যায়। এ সময় পা ফসকে পানিতে পড়ে ডুবে যায়। বন্ধুরা বিষয়টি আলীমের বাবা-মাকে জানালে তারা এসে অনেক খোঁজাখুঁজি করে সকাল ১১টার দিকে আলীমের লাশ উদ্ধার করে।

শিবচরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, শিবচরে পানিতে ডুবে মাহিম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাহিম ঐ গ্রামের মনু মোল্লার ছেলে। স্থানীয়রা জানায়, মাহিম সকালে বাড়ির পাশের রাস্তার কাছে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক তার ভাসমান লাশ দেখে পরিবারকে খবর দেন। তারা শিশুটিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক ডা. রাকিবুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।