সিদ্ধিরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতিসহ উভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আদমজী নতুন বাজার এলাকায়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের ঘরবাড়ি ভাঙচুর ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যালয়ে আগুন দেওয়া হয়।
জানা যায়, আদমজী নতুন বাজার এলাকায় একটি জমির মালিকানা নিয়ে স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতির অনুসারী আব্দুর রাজ্জাক ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের অনুসারী আব্দুল হান্নানের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বসলেও সমাধান হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপের লোকজন ঘটনাস্থলে এসে জমি দখলের চেষ্টা করলে প্রথমে বাকবিতণ্ডা ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উভয় গ্রুপের ৫ জন আহত হয়। এ সময় ঘটনাস্থলে কাউন্সিলর মতিউর রহমান আসলে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে। আহত কাউন্সিলর মতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে কাউন্সিলর মতিউর রহমান মতির উপর হামলার ঘটনার জেরে মুনলাইট এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে একদল সন্ত্রাসী আগুন ধরিয়ে দেয়। যেখানে ছিল বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য শামীম ওসমানের ছবি। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল ইত্তেফাককে জানান, জমি নিয়ে সংঘর্ষের ঘটনার সাথে আমার কোনো লোক জড়িত না। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কার্যালয়ে আগুন দেওয়ার সাথে জড়িত পানি আক্তারসহ অন্যদের শাস্তি দাবি করছি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল যোগে কাউন্সিলর আসলে তার উপর হামলা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।