বিশেষ প্রতিনিধি
পুলিশ অফিসার এবং ফোর্সের জন্য বাস্তবসম্মত বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে বদলির তদবির কালচারকে চিরতরে বিদায় করতে চান আইজিপি ড. বেনজীর আহমেদ। আইজিপি মনে করেন, অধিকাংশ পুলিশ অফিসার এবং সদস্য সন্তানদের লেখাপড়ায় সুবিধার কথা বিবেচনা করে ঢাকার বাইরে যেতে চান না। এ সংকট নিরসনের লক্ষ্যে ঢাকার বাইরে বিভাগীয় শহরে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, বিভাগীয় পর্যায়ে পুলিশের চাকরিকে আকর্ষণীয় করতে বিভাগীয় শহরগুলোতে পুলিশ সদস্যদের জন্য মানসম্মত চিকিত্সা সুবিধা নিশ্চিত করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গতকাল শনিবার বিকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত বিশেষ অপরাধ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ উদ্যোগের কথা জানান।
পুলিশপ্রধান বলেন, পুলিশকে সব ধরনের দুর্নীতি থেকে মুক্ত হতে হবে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। পুলিশে কোনো দুর্নীতিবাজের ঠাঁই নেই। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির সব থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।