ইত্তেফাক রিপোর্ট
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং তার দলের নেতা মন্ত্রীরা প্রায়ই দাবি করে বলেন, বিশ্বে বাংলাদেশ নাকি রোল মডেল। কিসের জন্য বাংলাদেশ মডেল? স্বীকার করতেই হবে বাংলাদেশ এখন দুর্নীতির জন্য সারা বিশ্বের কাছে মডেল। এখন মরণঘাতী করোনা ভাইরাস পরীক্ষার ওপর ২০০ টাকা ফি আরোপ করার সিদ্ধান্ত বিস্ময়কর। প্রয়োজনের তুলনায় পরীক্ষাও হচ্ছে নামমাত্র। এরমধ্যে এই গণবিরোধী সিদ্ধান্ত নেওয়া হলো। গতকাল শনিবার নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মহামারির চিকিত্সা কখনো ব্যক্তিগত উদ্যোগে হয় না। করোনা মহামারির চিকিত্সার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের। বিশ্বের কোথাও সরকারিভাবে করোনা পরীক্ষার জন্য অর্থ নেওয়া হয় না। উপরন্তু প্রায় প্রতিটি দেশের সরকার স্বেচ্ছাসেবীদের ঘরে ঘরে পাঠাচ্ছে নমুনা সংগ্রহে। পরীক্ষা করাতে জনগণকে উত্সাহিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আর আমাদের দেশের শাসকগোষ্ঠী এই মহামারিকেও বানিয়েছে মুনাফা অর্জনের উপলক্ষ্য। তারা জনগণকে করোনা পরীক্ষায় নিরুত্সাহিত করছে। তিনি অবিলম্বে এ ্পরীক্ষার জন্য ফি বাতিল করে বিনামূল্যে সেবাদানের দাবি জানান।