শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব

সম্প্রতি ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলি শতাব্দীর সেরা কিংবা মূল্যাবান ক্রিকেটার ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)’ নির্বাচিত করেছে। শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে নির্বাচিত করেছে উইজডেন ক্রিকেট মান্থলি। টেস্টেও ষষ্ঠ স্থানে রয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। ক্রিকেটের ক্ষুদে ফরম্যাট টি-২০-তে অবশ্য সেরা বিশেও নেই ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব। ক্রিকেটের পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে             যৌথভাবে গবেষণা করে এই তালিকা প্রস্তুত করেছে উইজডেন ক্রিকেট মান্থলি; তাদের জুলাই সংখ্যায় যেটি প্রকাশিত হয়েছে। শতাব্দীর সেরা বলতে তারা মূলত খুঁজে বের করেছে এই সময়ে নির্দিষ্ট দলের পারফরম্যান্সে সবচেয়ে বেশি প্রভাব রাখা ক্রিকেটারদের।

ওয়ানডেতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। তারপরই সাকিবের স্থান। টেস্টে শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনই সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়েছেন। টি-২০-তে এই সেরার সম্মান পেয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।

এদিকে ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেনের ক্রিকেট মান্থলির শতাব্দীর সেরা ক্রিকেটারদের তালিকায় থাকায় সাকিবকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এক শুভেচ্ছা বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন ‘উইজডেন’-এর গবেষণায় একুশ শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। কোভিড-১৯-এর এ দুঃসময়ে এটি অত্যন্ত বড় সুখবর। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। সাকিবের এ অর্জনের মধ্যে দিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হলো। আমি আশা করি, সাকিব অচিরেই মাঠে ফিরে বরাবরের মতো দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করবে।’