গতকাল শনিবার ছিল যুক্তরাষ্ট্রের ২৪৪তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক বার্তায় বলেছেন, আজ ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস যুক্তরাষ্ট্রের জন্মের ২৪৪তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশে আমেরিকার নাগরিক এবং এখানকার ও পৃথিবীর নানা প্রান্তে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মিলিত হয়েছে। এই প্রতিকূল সময়ে আমরা আমেরিকা প্রতিষ্ঠার মূলমন্ত্র পুনর্নিশ্চিত করছি, সবাইকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে এবং জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধান সবার অধিকার। আমাদের জীবনে এই আদর্শগুলো এবং ‘এ প্লুরিবাস উনুম’ অর্থাত্ ‘অনেকের ভিতরে এক’ এর প্রতিফলন ঘটাতে অবশ্যই আমাদের কাজ অব্যাহত রাখতে হবে। আমাদের বৈচিত্র্য বরাবরই এবং অবশ্যই আমাদের শক্তির উত্স হিসেবে পরিচালিত হয়। শুভ ৪ জুলাই।
দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া আরেক বার্তায় বলা হয়, ১৭৭৬ সালের এই দিনে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়েছিল। যদিও এই বছর ৪ জুলাই উদ্যাপন অন্য বছরগুলোর থেকে একদমই আলাদা, তবে স্বাধীনতার চেতনার উদ্যাপন একইরকম আছে।