পূর্ব শত্রুতার জের ধরে সাভার উপজেলার সীমান্তবর্তী বারাকৈর চাউলাইল এলাকার কুল্লা ইউনিয়ন যুবলীগ সভাপতি শীতল সরকারের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগিয়ে পালানোর সময় আব্দুল মান্নান নামক এক দুর্বৃত্তকে আটক করে এলাকাবাসী। আটককৃত মান্নানের স্বীকারোক্তি মোতাবেক গতকাল বৃহস্পতিবার ঘটনার হোতা আপন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাতে শীতল সরকার পরিবার নিয়ে ঘুমিয়েছিলেন। হঠাত্ রাতে ঘরে আগুনের শিখা দেখে তারা বের হয়ে আসেন। এ সময় আশেপাশের মানুষ এসে পালিয়ে যাওয়ার সময় দুই বোতল ভর্তি কেরোসিনসহ আব্দুল মান্নানকে আটক করে। পুলিশ জানায়, এ ঘটনায় ধামরাই থানায় মামলা হয়েছে। আটককৃত আঃ মান্নান ও আপন ফকিরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।