মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুরান বাইচাইল এলাকা থেকে আলামিন(২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আলামিনের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখে সদর থানা পুলিশ। নিহত আলামিন ঢাকুলি গ্রামের বাবুল মিয়ার ছেলে।
ঢাকুলি এলাকার স্থানীয় মেম্বার আব্দুল হক জানান, প্রায় দেড়বছর আগে আলামিন পুরান বাইচাইল এলাকার হামিদুর রহমান বাবুর মেয়ে কুলসুম আক্তার বর্ণাকে বিয়ে করে। বিয়ের একবছর পর দাম্পত্য কলহের জেরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও তাদের দুজনের মধ্যে যোগাযোগ ছিল।
বুধবার রাতে বাইচাইল এলাকার স্থানীয় ইউপি সদস্য মহিদুর রহমান আল আমিনের বোনকে মোবাইল ফোনে জানান, কুলসুমের (সাবেক স্ত্রী) বাড়ির পাশে আল আমিন গুরুতর আহতাবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিহত ছেলেটার পকেটে বিষ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।