নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ ফিরোজ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৩শ ফুট সড়কের বালু নদীর ব্রিজ থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ গাজীপুর জেলার পূবাইল এলাকার আব্দুল মালেকের ছেলে। রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ফিরোজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।