সারা বিশ্ব নির্বাচনকে সফল হিসেবে উল্লেখ করেছে : সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা কোনো নেতিবাচক মন্তব্য করেনি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, আন্তর্জাতিক মহল বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সফল নির্বাচন হিসেবেই উল্লেখ করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকালে নির্বাচন ভবনে জাতীয় নির্বাচন পরবর্তী ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। 

কে এম নূরুল হুদা বলেন, জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য একটা বিরাট অনুষ্ঠান। আমরা আসলে বার বার বলেছি নির্বাচনটা আসলে শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্যও। আপনারা নিশ্চয়ই দেখেছেন নির্বাচন যখন সমাপ্তি হলো, তারপর থেকেই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমিউনিটি থেকে আমাদের নির্বাচনের ব্যাপারে তারা কমেন্ট করেছেন। তারা তাদের অভিমত ব্যক্ত করেছে। তারা এ নির্বাচনকে সফল নির্বাচন হিসেবেই উল্লেখ করেছে। নির্বাচন কেউ প্রত্যাখ্যান করেনি।

বেশ কয়েকটি দেশের অভিনন্দন ও স্বীকৃতির কথা উল্লেখ করে সিইসি বলেন, সাইবেরিয়ার সেই রাশিয়া থেকে শুরু করে ভলগা নদীর পাড় দিয়ে প্রশান্ত মহাসাগরের ওপারে আমেরিকা, ইউরোপ সব জায়গাতেই সর্বত্র আমরা এ নির্বাচনের বার্তা পৌঁছে দিয়েছি। এসময় নির্বাচনের আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের কাছে প্রশ্ন করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ বা কোনো সংস্থা এ নির্বাচনের বিরূপ মন্তব্য করেছে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কথা বলেছে? এ সময় সমস্বরে সকল কর্মকর্তা-কর্মচারীরা বলে উঠেন ‘না, স্যার’।

তিনি বলেন, পৃথিবীর বহু উন্নত দেশে এত সংখ্যক ভোটার নেই। এবং সেখানে ২/৩ দিন ধরে ভোটগ্রহণ হয়। এ কারণে বাংলাদেশের নির্বাচনকে এক বিশাল কর্মযজ্ঞ বলে আখ্যা দেন সিইসি। তিনি বলেন, সে কারণেই নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ, সে কারণেই নির্বাচন এত কঠিন। কিন্তু সেই কঠিন পথ পাড়ি দিয়ে আমরা সফল ধাপে নিয়ে এসেছি। এখন আমাদের পরিশ্রমের ফল রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে যারা দেশ পরিচালনা করবেন তাদের হাতে আপনারা তুলে দিয়েছেন। তাদের দায়িত্ব হবে দেশকে কতখানি এগিয়ে নিয়ে যেতে পারেন সেটা।

ইভিএমের প্রসঙ্গে সিইসি বলেন, আমাদের প্রথমবারে ভুলভ্রান্তি হয়েছে, হবে। কাজ করতে গেলে ভুলভ্রান্তি হবে। কাজ করতে গেলে সবকিছু সঠিকভাবে আনা যাবে না। তবুও এটা যদি আমরা সার্থকভাবে ব্যবহার করতে পারি বহু দেশ আমাদের থেকে দৃষ্টান্ত নিবে, বিভিন্ন দেশে নিয়ে যাবে দেখানোর জন্য। সিইসি বক্তব্যের শুরুতে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদকে দক্ষ সচিব, সুযোগ্য সচিব, ক্ষিপ্র সচিব বলে আখ্যা দেন। তার নেতৃত্বে এত বিশাল একটি কর্মযজ্ঞ সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানান নূরুল হুদা। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।