রাজধানীর পল্লবীতে ছেলের হাতে মা খুন হয়েছেন। নিহতের নাম কাজল রেখা (৪৮)। ঘাতক ছেলের নাম রাসেল (২৩)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্লবীর বাউনিয়া বাঁধ সুইচগেট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পল্লবী থানার এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, রাসেল বখাটে ও নেশাগ্রস্ত যুবক। নেশার টাকা না পেয়ে লোহার রড দিয়ে আঘাত করে তিনি তার মাকে হত্যা করেছেন। ঘটনার পর রাসেলকে আটক করে থানায় নেয়া হয়েছে।
এসআই মঞ্জুরুল ইসলাম আরও জানান, রাসেলের বাবার নাম আবদুর রহিম। মা কাজল রেখা গৃহিণী। মাদকের টাকার জন্য রাসেল প্রায়ই তার মায়ের উপর নির্যাতন চালাতো। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় রাসেল তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাকে রক্তাক্ত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।