গতকাল আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ওপর রেগে গেলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারাবন্দি খালেদা জিয়া আদালতে ব্যারিস্টার মওদুদকে বলেন, ‘আপনার সঙ্গে হবে না। খোকন (ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন) কোথায়?’ তখন খোকন খালেদা জিয়ার সামনে আসেন। এরপর খালেদা জিয়া তার সঙ্গে মামলা এবং রাজনীতি নিয়ে আলাপ করতে থাকেন।
গতকাল বৃহস্পতিবার নাইকো মামলার অভিযোগ গঠন শুনানি শেষে ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের ভেতরে মওদুদ ও অন্যান্য আইনজীবীর সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। কথা বলার একপর্যায়ে খালেদা জিয়া মওদুদের ওপর ক্ষিপ্ত হয়ে যান।
ব্যারিস্টার মওদুদ আহমদ খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনের ফলাফল ও পরবর্তী করণীয় কি হবে তা নিয়ে আলোচনা করতে থাকেন। এসময় বেগম জিয়া মনোযোগ দিয়ে তার কথা শোনেন এবং কিছু পরামর্শ দেন। তারপরও মওদুদ আহমদ বারবার একই বিষয় নিয়ে প্রশ্ন করতে থাকেন। তখন খালেদা জিয়া তার ওপর ক্ষিপ্ত হয়ে যান। পরে আদালত থেকে বের হলে মওদুদকে সাংবাদিকরা প্রশ্ন করে খালেদা জিয়ার সঙ্গে কী আলাপ হয়েছে? তবে ব্যারিস্টার মওদুদ কিছু বলতে রাজি হননি।
এদিকে বিএনপি গতকাল অভিযোগ করেছে যে, গত ১৮ দিন ধরে বেগম জিয়ার সাথে তার স্বজন, দলের নেতা বা ডাক্তারদের দেখা করতে অনুমতি দিচ্ছে না সরকার। বারবার আবেদন করেও কোনো সাড়া মিলছে না।