বায়ার্ন মিউনিখ ৪ :২ লেভারকুসেন
স্পোর্টস ডেস্ক
করোনাসৃষ্ট স্থবিরতা শেষ করে মাঠে ফেরার পর থেকেই বায়ার্ন মিউনিখ যেন অপ্রতিরোধ্য। সে ধারাবাহিকতা ধরে রেখে জার্মান কাপও ঘরে তুলেছে ব্যাভারিয়ানরা। ডিএফবি পোকালের ফাইনালে বেয়ার লেভারকুসেনকে ৪-২ ব্যবধানে হারিয়ে ২০তম বারের মতো শিরোপা ঘরে তোলে দলটি।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ডেভিড আলাবা আর সের্জ গেনাব্রির লক্ষ্যভেদে ২৪ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৫৯ মিনিটে উত্সবে যোগ দেন রবার্ট লেভান্ডোভস্কিও। এর মিনিট চারেক পরই অবশ্য সভেন বেন্ডারের কল্যাণে গোল শোধ করে লেভারকুসেন। ৮৯ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পান লেভান্ডোভস্কি। অন্তিম সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান লেভারকুসেনের কাই হাভার্টস। এর ফলে প্রতিযোগিতার শিরোপাটি ২০তম বারের মতো নিশ্চিত করে ব্যাভারিয়ানরা।
এর প্রতিক্রিয়ায় কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘এটা করতে পেরেছি বলে আমরা গর্বিত। শেষ কিছুদিনে দলটা অসাধারণ খেলেছে। খেলোয়াড়রা নিজেদের ক্ষমতায় বিশ্বাস করতে শুরু করেছে, ব্যাপারটা ভালোই। আমরা খুশি। দলটা যা অর্জন করছে তা অসামান্য।’ তবে কেবল ঘরোয়া দুই শিরোপাতেই সন্তুষ্ট থাকতে নারাজ বায়ার্ন কোচ। ফ্লিক জানালেন, নিজেদের ইতিহাসে দ্বিতীয় ট্রেবলটা জিতে তবেও ক্ষান্ত হতে চায় তার দল। বললেন, ‘দ্বিতীয়ার্ধে কিছু ব্যাপারে উন্নতি প্রয়োজন আমাদের। এখন দলটা দুই শিরোপাজয়ের আনন্দ করবে। এরপর কিছুদিন বিশ্রাম নিয়েই আবারও আমরা চ্যাম্পিয়ন্স লিগের জন্যে তৈরি করব নিজেদেরকে।’
বিরতির পর ফিরে ১১ ম্যাচের সব কটিতেই জিতেছে বায়ার্ন। এ ছন্দটা ধরে রেখেই চ্যাম্পিয়ন্স লিগও ঘরে তুলতে চান অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। তিনি বলেন, ‘শেষ কিছুদিনে যে ছন্দে আছি আমরা সেটা ধরে রেখে ট্রেবল জয়ের জোর চেষ্টাটাই করতে হবে আমাদের। গত কয়েক সপ্তাহের পারফরম্যান্সে দেখা গেছে আমরা কতোটা সাফল্য ক্ষুধায় ভুগছি। তবে এখন পর্যন্ত যা জিতেছি সেটাও অসামান্য অর্জন।’