ইউনাইটেডের জয়রথ চলছেই

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেড বোর্নমাউথকে ৫-২ ব্যবধানে হারিয়ে নিজেদের অপরাজিত যাত্রাটাকে ১৬ ম্যাচে উন্নীত করেছে। সঙ্গে সঙ্গে পাঁচ ম্যাচ হাতে রেখে শীর্ষ চারের আশাটাও ভালোভাবেই জিইয়ে রেখেছে কোচ ওলে গুনার সোলসারের শিষ্যরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বশেষ হারটা এসেছিল গত ২২ জানুয়ারি। বার্নলির কাছে সেই হারের পর থেকে যেন হারতেই ভুলে গেছে রেড ডেভিলরা। তবে শনিবার রাতে সে যাত্রায় ছেদ বসানোর জোর শঙ্কাই জাগিয়েছিল সফরকারী বোর্নমাউথ। ১৫ মিনিটে ইউনাইটেড রক্ষণের ভুলে গোল করেন সফরকারী ফরোয়ার্ড জুনিয়র স্টানিস্লাস। এরপর অবশ্য ২৯, ৩৫ আর ৪৫ মিনিটে ম্যাসন গ্রিনউড, মার্কাস রাশফোর্ড আর অ্যান্থনি মার্শিয়ালের গোলে সে শঙ্কা প্রথমার্ধেই বিদায় করে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে বোর্নমাউথ ব্যবধান কমালেও ৫৪ আর ৬০ মিনিটে গ্রিনউডের ব্যক্তিগত দ্বিতীয় গোল আর ব্রুনো ফার্নান্দেজের লক্ষ্যভেদে বড় জয় নিশ্চিত করে অপরাজিত যাত্রাটাকে ১৬-তে নিয়ে যায়।  এর ফলে ক্ষণিকের জন্য চতুর্থ স্থানেই উঠে এসেছিল ইউনাইটেড। দিনের পরের ম্যাচে চেলসি উইলিয়ান, অলিভিয়ের জিরু আর রস বার্কলের গোলে ওয়াটফোর্ডকে ৩-০ ব্যবধানে হারালে আবারও পাঁচে নেমে যায় ইউনাইটেড। তবে আগামী ১৯ আর ২৩ জুলাই চেলসির ইউনাইটেড আর লিভারপুলের বিপক্ষে দুটো ম্যাচ হিসেবে রাখলে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার বড় সম্ভাবনাই তৈরি হয়েছে ম্যান ইউ সামনে।