আবারও রিয়ালের ত্রাতা রামোস

স্পোর্টস ডেস্ক

অধিনায়ক আর রক্ষণভাগের নেতার দায়িত্বটা সার্জিও রামোসের কাঁধে ছিল আগে থেকেই। অতিসম্প্রতি রিয়াল মাদ্রিদ আক্রমণভাগের ভারটাও নিতে হচ্ছে তাকেই। দায়িত্বটা যে নিপুণভাবেই পালন করছেন তাতে সন্দেহ নেই একটুও। গতকালই যেমন অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে একমাত্র গোলটি করে দলকে জেতালেন!

বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানটা চার হলেও ম্যাচের আগে একটা চাপা শঙ্কা ছিলই। বিলবাওয়ের মাঠে শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই যে পয়েন্ট হারিয়েছিল রিয়াল! প্রথমার্ধে করিম বেনজেমা যখন দুটো সুবর্ণ সুযোগ নষ্ট করলেন, শঙ্কাটা বাড়ছিল ক্রমেই।

গোলশূন্য প্রথমার্ধের পর রিয়াল প্রতিপক্ষ অর্ধে চাপ বাড়ায় দ্বিতীয়ার্ধে। তারই সুবাদে আসে জয়সূচক গোলটি। ৭১ মিনিটে বিলবাও বক্সে মার্সেলোকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। সেখান থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন রামোস।

করোনা সৃষ্ট বিরতির পর টানা সপ্তম জয়ে এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেছে দলটি।