স্পোর্টস ডেস্ক
আবারও একজন শ্রীলঙ্কান ক্রিকেটারকে গ্রেফতার করার ঘটনা ঘটল। সড়ক দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে। লঙ্কান পুলিশের অভিযোগ, মেন্ডিসের গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন ৬৪ বছর বয়সি এক সাইকেল আরোহী।
লঙ্কান পুলিশের মিডিয়া বিভাগের বরাত দিয়ে শ্রীলঙ্কার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার ভোর ৫টায় এই দুর্ঘটনা ঘটে কলম্বোর দক্ষিণে পানাডুরা নামক এলাকায়। নিহত ব্যক্তি স্থানীয় বাসিন্দা। দুর্ঘটনার সময় মেন্ডিসই গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গাড়ি চাপায় গুরুতর চোট পাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান ঐ ব্যক্তি। পুলিশ জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে মেন্ডিসকে আদালতে হাজির করা হবে। পাশাপাশি পুলিশের তদন্ত চলতে থাকবে। মেন্ডিস বা সাইকেল আরোহীর কেউ মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তা নিশ্চিত করেনি পুলিশ। শ্রীলঙ্কার হয়ে ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন মেন্ডিস। তার প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানদের একজন মনে করা হয় তাকে।