গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে রংপুরের গঙ্গাচড়ায় লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ গ্রামে গত তিন দিনে ১৫ পরিবারের বাড়িঘর তিস্তায় বিলীন হয়েছে। সেই সঙ্গে আবাদি জমিও বিলীন হচ্ছে।
জানা যায়, কয়েক দফা বন্যায় শংকরদহ এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। গতকাল শুক্রবার শংকরদহ গ্রামে গিয়ে দেখা যায়, বন্যার পানি নেমে গেলেও শুরু হয়েছে তিস্তার ভয়াবহ ভাঙন। চোখের সামনে ঘরবাড়ি, গাছপালা, বাঁশঝাড়সহ তিস্তায় বিলীন হচ্ছে। লোকজন বাড়িঘর সরিয়ে নিয়ে উঁচু জায়গা কিংবা বাঁধের ধারে ঘরবাড়ি তুলছেন। এলাকার ইউপি সদস্য আব্দুল মোন্নাফসহ লোকজন জানান, গত তিন দিনে ১৫ বাড়ি সরিয়ে নিয়েছে লোকজন। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, শংকরদহ গ্রামটি এখন শেষের পথে। এলাকাটি বিলীন হয়ে যাচ্ছে তিস্তায়।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, শংকরদহ এলাকার ভাঙনরোধে একটি প্রকল্প দেওয়া আছে। প্রকল্পটি পাশ হলে কাজ করা হবে।