থাই পেয়েরা চাষে স্বাবলম্বী ঘোড়াঘাটের মমিনুল

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

পেয়ারা চাষে স্বাবলম্বী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বরাতীপুর গ্রামের মমিনুল হক। সাত বছরের জন্য লিজ নিয়েছে ২০ বিঘা জমি। ২০১৮ সালে নাটোর থেকে থাই পেয়ারার চারা সংগ্রহ করেন তিনি। মমিনুল জানান, প্রথমবারে পেয়ারা বিক্রি হয় ১৭ লক্ষ টাকার। খরচ বাদে তার আয় হয় ৭ লক্ষ টাকা। ভালো ফলন ও কীটনাশকমুক্ত ফল পেতে একটু বড় হলেই প্রতিটি পেয়ারায় পলিথিনের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, কিছু গাছ থেকে পেয়ারা সংগ্রহ করে বিভিন্ন জেলা থেকে আগত পাইকারদের কাছে বিক্রি করা হচ্ছে। ঘোড়াঘাটে পেয়ারা চাষ নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন জানান, উপজেলায় বর্তমানে ২০ জন পেয়ারা চাষি ১০ হেক্টর জমিতে পেয়ারা চাষ করছে। চলতি মৌসুমে এ বাগানগুলো থেকে ২০০ টন পেয়ারা উত্পাদনের সম্ভাবনা রয়েছে। এ উপজেলায় থাই-সেভেন ও থাই-ফাইভ জাতের পেয়ারা চাষ হচ্ছে।