নল্লাপাড়া সড়ক ক্ষতিগ্রস্ত যান চলাচলে দুর্ভোগ

কলমাকান্দায় বন্যা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানির চাপে রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যান ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এতে উপজেলার ১৫টি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। গতকাল রবিবার সকালে সরেজমিনে এই এলাকায় গিয়ে দেখা যায়, বন্যার পানির স্রোতে নির্মাণাধীন সড়কটির বিভিন্ন অংশ ভেঙে ছোট-বড় অনেক গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সড়ক বিলীন হয়ে গেছে। আর বিকল্প কোনো পথ না থাকায় লোকজন ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে ঐ সড়কে চলাচল করছে।  কলমাকান্দা উপজেলা প্রকৌশলী আফসারউদ্দিন বলেন,  ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। এরই মধ্যে ঐ সড়কের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। তবে সম্প্রতি অতিবৃষ্টির ফলে পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানির চাপে ঐ সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে রংছাতি, নল্লাপাড়া, আমগড়া, পুলিয়া, রাজনগর, হাসানোয়াগাঁও, পানেশ্বরপাড়া, বানাইকোনাসহ ১৫টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নল্লাপাড়া গ্রামের বাসিন্দা ছালাম বলেন, নির্মাণাধীন এই সড়কটির কাজ শেষ হলে গ্রামের লোকজনের চলাচলে সুবিধা হতো। কিন্তু বন্যায় সড়কের মারাত্মক ক্ষতি হয়েছে। রংছাতি ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন বলেন, জরুরিভিত্তিতে সড়কটি নির্মাণের জন্য এলজিইডি কর্তৃপক্ষকে বলা হয়েছে। কলমাকান্দা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন বলেন, ঐ সড়কটি নির্মাণ কাজের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছিল। কিন্তু বন্যার পানির স্রোতে নতুন করে সড়কটির বিভিন্ন জায়গার  ক্ষতি হয়েছে।