চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন দুই জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৮৮৮ জন। এদের মধ্যে নগরীতে ১৬২ জন এবং উপজেলায় ৫৮ জন। গতকাল রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, চট্টগ্রামের পাঁচটি ল্যাব ও কক্সবাজার ল্যাবে মোট ১ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২২০ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষা করে ১০ জন, বিআইটিআইডিতে ১৪১টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৪৮টি নমুনা পরীক্ষা করে ৯৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০৩টি নমুনা পরীক্ষা করে ২০ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের রিপোর্ট পাওয়া না গেলেও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৪টি নমুনা পরীক্ষা করে ৮৩ জন শনাক্ত হয়।
অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের তিনটি মাত্র নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দরকে সুরক্ষা
সামগ্রী দিল পিএসএ
করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বন্দরকে সুরক্ষাসামগ্রী দিয়েছে দ্য ওয়ার্ল্ডস পোর্ট অব কল (পিএসএ)। গতকাল রবিবার সকালে বন্দর ভবনের বোর্ড রুমে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের হাতে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
পিএসএর জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার চর ম্যানগ এসব সুরক্ষাসামগ্রী বন্দর চেয়ারম্যানের হাতে তুলে দেন। অনুষ্ঠানে পিএসএর রিজিওনাল সিইও ওয়ান চি ফং বন্দর চেয়ারম্যানের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। বন্দর চেয়ারম্যান বলেন, সিঙ্গাপুর বন্দর দিয়েই আমাদের বেশির ভাগ আমদানি-রফতানি হয়ে থাকে। তাই দুই বন্দরের মধ্যে সহযোগিতাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।