গলাচিপায় গ্যাংওয়ে ডুবে যাওয়ায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

পূর্ণিমার প্রভাবে গলাচিপা পৌর এলাকাসহ প্রায় ১০০ গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে গলাচিপা-হরিদেবপুর ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় শনিবার এবং রবিবার প্রায় চার ঘণ্টা করে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে সড়ক পথে গলাচিপার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

গলাচিপার হরিদেবপুর ফেরিঘাটের ব্যবসায়ী ইমন মিয়া জানান, পূর্ণিমার প্রভাবে গত দুদিন ধরে ঝড়োবৃষ্টি হচ্ছে। একই সঙ্গে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বেশি ওঠায় ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যায়। এতে শনিবার এবং রবিবার বেলা সাড়ে ১১টা থেকে তিনটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, গলাচিপা পৌর এলাকার ব্যবসায়ীদের বড় একটি অংশ রয়েছে ওয়াবদা বেড়িবাঁধের বাইরে। তাই এ বিষয় পৌরসভার ছয়টি ওয়ার্ডের ওয়াবদা বেড়িবাঁধের বাইরের অংশে মিনি পোল্ডার করার জন্য এমপির কাছে ডিও লেটারসহ পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি। কিন্তু তারা এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। এ অবস্থা চলতে থাকায় পৌর এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।