করোনা রোগীদের মধ্যে ওষুধ ও পুষ্টিকর খাদ্য বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে করোনায় পজিটিভ রোগীদের মধ্যে রবিবার ওষুধসামগ্রী ও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে। ঢাকার চন্দ্রগঞ্জ থানা সমিতির উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। স্থানীয় চেয়ারম্যানদের সহযোগিতায় এগুলো বিতরণ করা হয় চন্দ্রগঞ্জ থানার পুলিশ সদস্য ও চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নের ২৬ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে। এ সময় ঢাকার চন্দ্রগঞ্জ থানা সমিতির কর্মকর্তা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য আইনুল আহমেদ তানভীর বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মান্দারী ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহিম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল প্রমুখ।
করোনায় মৃতদের দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়াকারী
কর্মীদের পোশাক বিতরণ
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া হিন্দু সম্প্রদায়ের লোকজনের অন্ত্যেষ্টিক্রিয়া ও মুসলিম সম্প্রদায়ের দাফনের কাজে আগৈলঝাড়ায় নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় রবিবার পোশাক ও উপকরণ বিতরণ করা হয়েছে। এগুলো বিতরণ করে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র বা এসবিপিকে নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন।
দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ায় সংশ্লিষ্ট ২৮ জন কর্মীর হাতে স্বাস্থ্য সুরক্ষা পোশাক তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
কৃষকদের মধ্যে উপকরণ ও অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন
মতলব দক্ষিণ ( চাঁদপুর) সংবাদদাতা মতলব দক্ষিণ উপজেলায় রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। এ সময় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মুবিন সুজন, জেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
রংপুরে পত্রিকা হকারদের খাদ্যসহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে করোনা মহামারিতে অসহায় দুস্থ পত্রিকা হকারদের মধ্যে রবিবার খাদ্যসহায়তা ও মাস্ক প্রদান করা হয়েছে। রংপুর প্রেসক্লাবে শতাধিক কর্মহীন ও দরিদ্র হকারদের চাল, ডাল, তেল ও মাস্ক বিতরণ করেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এ সময় প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
দরিদ্র রোগী ও ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে রবিবার দরিদ্র রোগীদের মধ্যে ও ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অসহায় দরিদ্র রোগীদের মধ্যে চিকিত্সাসহায়তা চেক ও ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় প্রতিষ্ঠানের নামে মঞ্জুরি চেক উপজেলা সভাকক্ষে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় এমপি মো. ফরিদুল হক খান দুলাল চেক বিতরণ করেন।
অসহায়দের মধ্যে বিনা মূল্যে সরকারি টিন ও টাকা বিতরণ
নাটোর প্রতিনিধি নাটোরে অসহায় মানুষের মধ্যে রবিবার বিনা মূল্যে সরকারি টিন ও টাকা বিতরণ করা হয়েছে। সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ মোট সাড়ে ৯ লাখ টাকার চেক ও ৬৩ বান্ডিল ঢেউটিন তুলে দেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ।