করোনাজয়ী কর্মীদের মানসিক শক্তি ফেরাতে রূপালী ব্যাংকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

রূপালী ব্যাংকের করোনাজয়ী প্রায় অর্ধশত কর্মীর করোনা-পরবর্তী মানসিক শক্তি যোগাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে গত শনিবার রূপালী ব্যাংকের করোনাজয়ী প্রায় অর্ধশত কর্মীদের নিয়ে ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো.ওবায়েদউল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন। এ সময় এমডি বলেন, চাকরিজীবীদের জীবনের বেশিরভাগ সময়ই অফিসে কাটে ফলে অফিসে সহকর্মীদের সঙ্গে তাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। করোনায় আক্রান্তরা দীর্ঘদিন জনবিচ্ছিন্ন হয়ে চিকিত্সা নিচ্ছে এজন্য তাদের মানসিক শৈথিল্য ঘটেছে। এখন তারা যদি তাদের সহকর্মীদের দেখতে পায় তাহলে তাদের মানসিক প্রশান্তি ঘটবে, আর এই উদ্দেশ্যেই এই সমাবেশ। 

আলোচনায় অন্য বক্তারা বলেন, শুধু করোনাজয়ীদের মানসিক প্রশান্তির জন্যই এই আয়োজন। এ সমাবেশের ফলে করোনাজয়ী কর্মীরা একই সঙ্গে ব্যাংকের সব ডিএমডি, জিএম এবং অনেক সহকর্মীকে একসঙ্গে দেখতে পেয়েছে, ফলে তারা এক ধরনের মানসিক প্রশান্তি লাভ করেছে। আক্রান্ত কর্মীদের চিকিত্সাসহ সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলেও সমাবেশে ব্যাংকের পক্ষ থেকে ঘোষণা করা হয়। আক্রান্ত কর্মীরা সবসময় তাদের পাশে থাকার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং একই সঙ্গে ব্যাংকের এমডি, ডিএমডি ও জিএমদেরকে পাওয়াটা বিরল সৌভাগ্যের বিষয় বলে অভিহিত করেন। সভায় করোনামুক্ত কর্মকর্তা-কর্মচারীদের রক্তের গ্রুপ ডাটাবেজে অন্তর্ভুক্ত করে একটি প্লাজমা ব্যাংক গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্যাংকের করোনা আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের রোগমুক্তি এবং এ মহামারি থেকে বিশ্ববাসীকে হেফাজত করার জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।  ডিএমডি খন্দকার আতাউর রহমানের সঞ্চালনায়  ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অরুণ কান্তি পাল, জিএম প্রশাসন মো. শফিকুল ইসলামসহ সব জিএম এবং করোনাজয়ী রূপালী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন।­—প্রেস বিজ্ঞপ্তি