অ্যাপেই মিলছে সঞ্চয়পত্রের সব তথ্য

ইত্তেফাক রিপোর্ট

সঞ্চয়পত্রের সব তথ্য পাওয়া যাচ্ছে ‘সঞ্চয় অ্যাপ’ এ। গ্রাহকদের তথ্য জানাতে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এ অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে সঞ্চয় স্কিমসমূহের তথ্য, মুনাফা হার, বিনিয়োগ পরিস্থিতি জানতে পারছেন গ্রাহকরা। যদিও অ্যাপটির আরো আধুনিকায়নের কাজ চলছে। অ্যাপটি আধুনিকায়ন হলে এর মাধ্যমে গ্রাহক তার নিজ অবস্থান থেকে নিকটবর্তী সেবাপ্রদানকারী অফিসসমূহের বিষয়েও জানতে পারবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মেলন কক্ষে অতিরিক্ত সচিব মোহাম্মদ নূরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে অ্যাপটিকে আরো আপডেট করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে সঞ্চয় অ্যাপটি গত ১৭ মার্চ চালু করা হয়েছে। সঞ্চয় অ্যাপ মূলত একটি বর্ণনাধর্মী অ্যাপ। এই অ্যাপে সঞ্চয় স্কিমসমূহের বর্ণনা, মুনাফা হারের ক্রমবিকাশ, বিনিয়োগ পরিস্থিতি, সেবাপ্রদানকারী অফিসসমূহের নাম ও অবস্থান, আবেদনের প্রয়োজনীয় তথ্যাবলী সংযোজন করা হয়েছে।