জয়পুরহাটে বিপুল পরিমাণ ভেজাল গুড় উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি 

ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের অপরাধে শনিবার সন্ধ্যায় ভোক্তা অধিকার আইনে দুই গুড় ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন।

র্যাব সূত্র জানায়, জেলা শহরের পূর্ব বাজারের গুড় পট্টিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় বিক্রি করা হচ্ছে এমন খবরে অনুসন্ধান চালায় র্যাবের গোয়েন্দা বিভাগ। ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের সত্যতা পেয়ে শনিবার বিকাল থেকে অভিযানে নামেন র্যাব সদস্যরা। এ সময় মেসার্স ঘোষ ট্রেডার্সের মালিক গোপাল চন্দ্র ঘোষ (৫৫) ও আবু তালেবকে (৫৫) হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ৪৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত ২২ হাজার ৬৯০ কেজি গুড় ধ্বংস করা হয়। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  সহযোগিতা করেন সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর নানমুল হোসেন ।